রাজনীতি

ঢাকা ও বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ৪২ নেতাকর্মী আটক

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ঢাকা ও বরিশাল–এ ঝটিকা মিছিলের প্রস্তুতি ও জড়ো হওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ও জুমার নামাজের পর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিলের প্রস্তুতির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। ধানমন্ডি-৩২ নম্বর, তাকওয়া মসজিদ ও সোবহানবাগ মসজিদসংলগ্ন এলাকায় জড়ো হওয়ার সময় ২৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ফরিদপুরের ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মো. মুরাদও রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ–এর ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। মিছিল বের করার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।

এদিকে শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্রের নেতৃত্বে একদল নেতাকর্মী জড়ো হন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে শ্যামল চন্দ্রসহ ছয়জনকে আটক করা হয়।

অন্যদিকে বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরের বিএম কলেজসংলগ্ন মধু মিয়ার গলিতে শুক্রবার সকাল ৭টার দিকে অভিযান চালানো হয়।

কোতোয়ালি মডেল থানা–এর উপপরিদর্শক গোলাম মো. নাসিম জানান, জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও অন্তত ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

Dr.Mahfuzul Alom