বিশেষ সংবাদ

ওসমান হাদিকে গুলি: ফয়সলের স্ত্রী–শ্যালকসহ তিনজনের ৫ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


{news.title}

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের স্ত্রী, শ্যালকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলাম পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা প্রধান সন্দেহভাজনদের আশ্রয়–প্রশ্রয় দিয়েছেন। তারা একসঙ্গে অবস্থান করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। তিনি আরও বলেন, বিষয়টি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িত।

আসামিপক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, এই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফয়সল করিম মাসুদ ও শেখ আলমগীর নামে দুজনকে চিহ্নিত করা হয়েছে। তবে তারা দুজনই ঘটনার পর দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ফয়সলের অবস্থান শনাক্তের চেষ্টা চলার মধ্যে র‌্যাব রোববার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের পল্টন থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ফয়সল করিম মাসুদকে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

অন্তর্বর্তী সরকার এ ঘটনাকে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Dr.Mahfuzul Alom