রাজনীতি

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম: শেখ হাসিনা

অনলাইন ডেস্ক

২২ দিন আগে


আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম: শেখ হাসিনা

ছবি: সংগৃহীত


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ একই সঙ্গে ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন বলেও জানান তিনি।

দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকারের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে দেশে ফেরার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন শেখ হাসিনা।

ডিসেম্বরেই দেশে ফেরার প্রস্তুতি

সাক্ষাৎকারে শেখ হাসিনা আবারও ডিসেম্বর মাসে দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানান। তবে দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁকে হত্যার আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।’

দেশে ফেরার বিষয়ে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।

ডিসেম্বরের আগে পরিস্থিতি অনুকূলে এলেও কেন ওই মাসটিকেই বেছে নিয়েছেন-এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ডিসেম্বর মাসটা আমি বেছে নিয়েছি, আসলে এটা আমাদের বিজয়ের মাস।’

‘দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান হচ্ছে’

বাংলাদেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে বলে দাবি করেন শেখ হাসিনা। এর প্রভাব শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর ভাষায়, ‘বাংলাদেশে জঙ্গিবাদীদের উত্থানের খেসারত ভারতকেও দিতে হবে।’

শেখ হাসিনার মতে, বাংলাদেশের অস্থিরতা ও মৌলবাদী শক্তির বিস্তার ভারতের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে। তাই সামরিক জোটের পরিবর্তে আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন

বাংলাদেশের নির্বাচনকে ভারতের সমর্থন এবং তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গেও নয়াদিল্লির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘ভারত সরকার কী ভেবে বাংলাদেশের নির্বাচন সমর্থন করল, তারেককে ফিরিয়ে আনল-সেটা ভারত সরকারই ভালো বলতে পারবে।’

এ সময় তারেক রহমানের বিদেশে অবস্থান করে রাজনীতি করা নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর ভাষায়, ‘আমি তো বাধা দিইনি। আমি দিল্লি থেকে কথা বললেই দোষ?’

তারেক রহমানের ভারত সফর নিয়ে দর-কষাকষি বাংলাদেশের জন্য সম্মানজনক নয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

‘আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়’

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শেখ হাসিনা। দেশের অবস্থা তাঁকে কতটা ব্যথিত করছে, তা বোঝাতে তিনি বলেন, ‘আমার তো হৃদয়ে রক্তক্ষরণ হয়, যখন দেখছি আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে।’

দেশে মানুষ নির্যাতিত হচ্ছে দাবি করে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়াতে চান। প্রয়োজনে নিজের জীবন ঝুঁকির মধ্যে পড়লেও দেশে গিয়ে জনগণের পাশে থাকার ইচ্ছার কথা জানান তিনি।

‘দেশটা আমার, কেন ফিরতে দেবে না?’

দেশে ফেরার জন্য সরকার ট্রাভেল ডকুমেন্ট না দিলে কীভাবে ফিরবেন-এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা নিজের দেশে ফেরার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘দেশটা আমার। আমার বাবা এদেশ স্বাধীন করেছে। আমরা এই দেশেই ছোটবেলা থেকে মানুষ হয়েছি। আর রাজনীতিও স্কুল জীবন থেকেই আমি শুরু করেছি। সেখানে আমার দেশে কেন আমাকে ফিরতে দেবে না, সেটাই আমার প্রশ্ন।’

বিএনপি সরকার ভারত সরকারের কাছে তাঁকে ফেরত দেওয়ার কথা বলছে বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যখন ফেরত দেওয়ার কথা বলছে তখন ফেরত কেন, আমি নিজেই যাব।’

দেশে ফেরার অনুমতি না দিলে অন্য কোনোভাবে প্রবেশ করবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার বর্ণনা

২০২৪ সালের ৫ আগস্ট গণভবন থেকে ভারতে যাওয়ার ঘটনাও সাক্ষাৎকারে তুলে ধরেন শেখ হাসিনা। তাঁর দাবি, দেশ ছাড়ার ইচ্ছা তাঁর ছিল না এবং কী ঘটতে যাচ্ছে, সেটিও তিনি আগে জানতেন না।

শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী, হেলিকপ্টারে করে সীমান্ত পার হওয়ার পর তাঁকে জানানো হয় যে তাঁরা ভারতে যাচ্ছেন। এর আগে তিনি মনে করেছিলেন, তাঁকে টুঙ্গিপাড়ার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমি তো মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করেছি। তাদের লাশ ফেলার মাধ্যমে আমাকে ক্ষমতায় থাকতে হবে কেন! এ অবস্থায় আমি বললাম আমার থাকার দরকার নেই। আমি চলে যাব।’

নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘ছয় লাখ মামলা’র দাবি

আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন শেখ হাসিনা। তাঁর দাবি, দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ছয় লাখ মামলা দেওয়া হয়েছে।

৫ আগস্টের পর বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশের সদস্যদের ওপর সহিংসতার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর আরও দাবি, ওই সময় ‘জঙ্গি ও সন্ত্রাসীদের’ ছেড়ে দেওয়া হয়েছে।

এসব বিষয়ে সাক্ষাৎকারে শেখ হাসিনা তাঁর নিজস্ব ব্যাখ্যা ও অবস্থান তুলে ধরেছেন।

তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার দাবি

শেখ হাসিনা বলেন, তিনি বর্তমানে আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁর দাবি, অনেক নেতা-কর্মী নির্যাতনের শিকার হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘এখন আমি আমার তৃণমূলের মানুষদের সঙ্গে কথা বলছি। তাদেরকে কোপায়, মারে, অত্যাচার করে, নির্যাতন করে। এগুলি চলছে। তারপরও এই অবস্থায় মানুষ আমাদের সঙ্গে কথা বলে।’

দেশে ফেরার সিদ্ধান্তের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আগে না, ডিসেম্বর মাসেই যাবো আমি সিদ্ধান্ত নিয়েছি। সেভাবেই আমি প্রস্তুতি নিচ্ছি।’


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৬ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৭ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom