বিনোদন

চার বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমণি, বিচার ও রাষ্ট্রের জবাবদিহি দাবি

বিনোদন ডেস্ক

২২ দিন আগে


চার বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমণি, বিচার ও রাষ্ট্রের জবাবদিহি দাবি

ছবি: সংগৃহীত


আলোচিত চিত্রনায়িকা পরীমণি ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার চার বছর পর এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি ওই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

স্ট্যাটাসে পরীমণি র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের সাম্প্রতিক এক টকশোর বক্তব্যের উল্লেখ করে বলেন, ওই বক্তব্যের মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে যে, তৎকালীন র‍্যাব প্রধান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে বিশেষ উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছিল।

তার অভিযোগ, পরবর্তীতে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এবং প্রায় ২০ দিন কারাগারে রাখা হয়। ওই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

পরীমণি লেখেন, গ্রেপ্তারের পর তার সম্মান, ব্যক্তিগত মর্যাদা ও চরিত্র নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হয়েছে, তা তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংস্থাকে ব্যবহার করে একজন শিল্পীর জীবন বিপর্যস্ত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এতদিন পর তিনি প্রতিশোধ নয়, বরং সত্য, ন্যায়বিচার এবং মানবিকতার পক্ষে কথা বলতে চান। ভবিষ্যতে কোনো নির্দোষ ব্যক্তি যেন একই ধরনের পরিস্থিতির শিকার না হন, সেটিই তার প্রত্যাশা।

রাষ্ট্রের প্রতি একাধিক প্রশ্ন তুলে পরীমণি জানতে চান, আদালত যদি ভবিষ্যতে তাকে মামলায় অব্যাহতি দেয়, তাহলে তার হারিয়ে যাওয়া সময়, সম্মান এবং মানসিক শান্তির ক্ষতিপূরণ কীভাবে পূরণ হবে। একই সঙ্গে জনমনে তার সম্পর্কে তৈরি হওয়া নেতিবাচক ধারণার দায় রাষ্ট্র নেবে কি না-সেই প্রশ্নও তোলেন তিনি।

নিজের পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি কখনো বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত হতে চাননি; বরং একজন শিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছেন। তবে একটি ঘটনার অভিঘাত তার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে।

কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরীমণি বলেন, তাদের সমর্থনই তাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি ভবিষ্যতের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের ক্ষত পেছনে ফেলে তিনি কাজ, সন্তান, পরিবার এবং দর্শকের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান। একই সঙ্গে তিনি বিশ্বাস প্রকাশ করেন, সত্য একদিন প্রকাশিত হবেই এবং ন্যায়বিচারের পথ কখনো বৃথা যায় না।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হন পরীমণি। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন রয়েছে এবং সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। এছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া আরও দুটি মামলাও বিচারাধীন।


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...

৪ দিন আগে


বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...

৪ দিন আগে


যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...

৪ দিন আগে


ফেসবুক অনুসারীতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, দেশের নতুন রেকর্ড
ফেসবুক অনুসারীতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, দেশের নতুন রেকর্ড

ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশের সব তারকাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনায় দেখা যায়, পরীমনির...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom