ক্যাম্পাস

জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে ঢাবি ও জবিতে শিক্ষার্থীদের ‘ঝাড়ু মিছিল’

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে ঢাবি ও জবিতে শিক্ষার্থীদের ‘ঝাড়ু মিছিল’

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া একটি বিতর্কিত পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ঝাড়ু মিছিল’ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নারী নেত্রীদের অংশগ্রহণে ঝাড়ু হাতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা।

একই দিন দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে পৃথক প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যকে ‘আপত্তিকর’, ‘নারীবিদ্বেষী’ ও ‘নারীর মর্যাদাহানিকর’ বলে উল্লেখ করেন।

ঢাবির আন্দোলনকারীরা বলেন, নারীর শ্রমের সম্মান নিশ্চিত করতে হবে এবং সমাজ থেকে ‘বেশ্যাকরণ প্রথা’ বিলুপ্ত করতে হবে। তারা অভিযোগ করেন, নারীর অধিকার নিয়ে কথা বললেই সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের লক্ষ্য করে সংঘবদ্ধ অনলাইন বুলিং চালানো হচ্ছে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় সীমা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, “বাংলাদেশে এখন নারীদের অধিকার নিয়ে কথা বললেই অনলাইনে আক্রমণের শিকার হতে হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফেক ও বট আইডির মাধ্যমে নারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা করছে।”

আরেক আন্দোলনকারী বলেন, “বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সংকট ও সংগ্রামে নারীরা ঘরে ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অথচ নারীদের উদ্দেশে এমন বক্তব্য নারীবিদ্বেষী মানসিকতারই বহিঃপ্রকাশ।”

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বারই বলেন, জামায়াত আমিরের বক্তব্যকে ‘আইডি হ্যাক’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “যদি সত্যিই অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তাহলে জনগণের সামনে তার প্রমাণ দিতে হবে।”

শিক্ষার্থী সুস্মিতা সরকার বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিকভাবে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, যা ক্ষমার যোগ্য নয়।” তিনি আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানান।

সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর আমিরের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ সমাবেশে নারী হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং হল শাখা ছাত্রদলের সভাপতি ফারজানা আক্তার টুম্পা বলেন, “দায়িত্বশীল অবস্থানে থেকে জামায়াতে ইসলামীর আমির নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানাই। কর্মজীবী নারীদের পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা শুধু নারীদের অপমান নয়, এটি তাদের মানবিক মর্যাদাকেও ক্ষুণ্ন করেছে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা বলেন, “জামায়াতে ইসলামীর আমিরের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত লজ্জাজনক। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক থেকে শুরু করে লাখো গার্মেন্টসকর্মী নারী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা কি দেহব্যবসা করতে ঘর থেকে বের হন-এমন মানসিকতা নারীর প্রতি চরম অবমাননা।”

তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল একদিকে নারীদের নিজেদের প্রচারণায় ব্যবহার করে, অন্যদিকে তাদের অবমূল্যায়ন করে। তিনি বলেন, দেশের নারী সমাজ আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে প্রকাশিত একটি পোস্টে লেখা হয়, “আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।”
পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।


রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

২ দিন আগে


বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,

২ দিন আগে


সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...

২ দিন আগে


রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom