সারাদেশ

খোকন দাস হত্যার পর দিশাহারা পরিবার আয়ের পথ বন্ধ, আতঙ্ক আর অনিশ্চয়তায় বিধ্বস্ত স্ত্রী ও বৃদ্ধ বাবা

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


খোকন দাস হত্যার পর দিশাহারা পরিবার আয়ের পথ বন্ধ, আতঙ্ক আর অনিশ্চয়তায় বিধ্বস্ত স্ত্রী ও বৃদ্ধ বাবা

শরীয়তপুরের ডামুড্যার কেউরভাঙা বাজারে প্রায় ২০ বছর আগে একটি ছোট ওষুধের দোকান খুলেছিলেন খোকন চন্দ্র দাস। সংসারের বাড়তি আয়ের আশায় সেই দোকানের ভেতরেই তিনি শুরু করেন মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা। ওই দোকানের আয়েই বৃদ্ধ বাবা, স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে স্বাচ্ছন্দ্যে চলছিল তাঁর সংসার।

কিন্তু খোকন দাসের নির্মম হত্যাকাণ্ডের পর এক মুহূর্তেই সবকিছু পাল্টে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি হারিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আয়ের পথ। নিরাপত্তাহীনতা ও চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে দিশাহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী সীমা দাস এবং বৃদ্ধ বাবা পরেশ চন্দ্র দাস।

খোকন চন্দ্র দাস শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিলই এলাকায় বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তাঁর শরীরে পেট্রলজাতীয় তরল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৮), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২৪) ও শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)-কে আসামি করা হয়। শনিবার গভীর রাতে র‍্যাব কিশোরগঞ্জ থেকে ওই তিন আসামিকে গ্রেপ্তার করে।

পরেশ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন,
‘আমি একজন বৃদ্ধ মানুষ। একা চলাফেরা করতেও পারি না। আমার একমাত্র ছেলে খোকনই ছিল জীবনের শেষ ভরসা। আজ সে নেই। এখন কী নিয়ে বাঁচব? ছেলের বউ আর নাতিদেরই বা কে দেখবে?’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে থাকা অবস্থায় খোকন নিজেই হত্যাকারীদের নাম বলে গেছে। সে অনুযায়ী আমি মামলা করেছি। কিন্তু তারা আমাদের এলাকারই লোক। এখন চারপাশে ফিসফাস শুনি—সুযোগ পেলেই আবার হামলা চালাতে পারে। এই আতঙ্ক নিয়েই আমাকে বৃদ্ধ বয়সে দিন কাটাতে হবে।’

পরেশ চন্দ্র দাসের এক ছেলে ও দুই মেয়ে। স্ত্রী মারা গেছেন প্রায় চার বছর আগে। দুই মেয়ের বিয়ে হয়েছে অনেক আগেই। ছেলের পরিবার নিয়েই চলছিল তাঁর সংসার।

খোকন দাসের তিন ছেলে—বিশ্বজিৎ দাস (২১), শান্ত দাস (১৬) ও আদর দাস (৪)। বড় ছেলে বিশ্বজিৎ এইচএসসি পাসের পর গত বছর কাজের সন্ধানে রাশিয়ায় যান। মেজ ছেলে শান্ত স্থানীয় বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ছে।

ডামুড্যা–শরীয়তপুর সড়ক থেকে প্রায় ৫০০ মিটার ভেতরে তিলই গ্রামে খোকন দাসের বাড়ি, যা এলাকায় ‘তিলই ঠাকুরবাড়ি’ নামে পরিচিত। নির্জন ও শান্ত ওই এলাকায় বৃদ্ধ বাবা, স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন তিনি। প্রতিদিন সকালে বাজারের দোকানে যেতেন এবং রাতে একাই বাড়ি ফিরতেন।

নিহত খোকনের প্রতিবেশী ও আত্মীয় নিখিল দাস বলেন,
‘সন্ত্রাসীরা জানত, খোকন প্রতিদিন রাতে দোকানের বিক্রির টাকা নিয়ে নির্জন রাস্তা ধরে বাড়ি ফেরে। সে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখত, তাই কখনো নিরাপত্তার কথা ভাবেনি। এই সুযোগেই হামলাকারীরা তাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করে। তারা ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এই ঘটনার পর পুরো এলাকাই আতঙ্কে রয়েছে। সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় পড়েছে তার পরিবার।’

স্বামীর মৃত্যুর পর শোকে স্তব্ধ সীমা দাস বলেন,
‘শ্বশুর বৃদ্ধ মানুষ, তিনিই মামলার বাদী। আমরা ভয়ে আছি—কখন আবার মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়। সংসার চালানোর একমাত্র উপায় ছিল স্বামীর দোকান। এখন সেটাও বন্ধ। দোকান চালানোর মতো কেউ নেই। বড় ছেলে বিদেশে গিয়েও আয়ের মুখ দেখেনি। জানি না, কীভাবে সন্তান আর শ্বশুরকে নিয়ে বাঁচব।’

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক প্রথম আলোকে বলেন,
‘খোকন দাস হত্যাকাণ্ডে জড়িত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দ্রুত অভিযোগপত্র দিয়ে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে।’


চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল

৬ ঘন্টা আগে


গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...

৬ ঘন্টা আগে


কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...

২২ ঘন্টা আগে


নরসিংদীতে জমি বিরোধে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত
নরসিংদীতে জমি বিরোধে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত

নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।শনিবার (১ আগস্ট) উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিজান...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom