রাজনীতি

নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির

অনলাইন ডেস্ক

১ মাস আগে


নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির

রাকিবুল ইসলাম রাকিব


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।

স্ট্যাটাসে রাকিবুল ইসলাম রাকিব বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ছাত্রদলের সাবেক শীর্ষ নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগকে নিজের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন রাকিব। তার ভাষায়, সেই অধ্যায়ের সমাপ্তি এখন ঘনিয়ে এসেছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

তাদের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টার কারণেই কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব সফলভাবে পরিচালনা করতে পেরেছেন বলে উল্লেখ করেন রাকিব।

ঢাকার পাঁচ কলেজ ও চার মহানগরের নেতাকর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের শ্রম-ঘামেই রাজপথের বিভিন্ন কর্মসূচি সফল হয়েছে। একই সঙ্গে নানা ষড়যন্ত্র ও প্রতিকূল পরিস্থিতি তারা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নিজের নেতৃত্বাধীন নেতাকর্মীদের প্রশংসা করে ছাত্রদল সভাপতি বলেন, কেন্দ্রীয় সংসদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের নেতাদের নিয়ে তিনি আমৃত্যু গর্বিত। তার দাবি, এসব নেতার নামে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম হয়নি।

তিনি আরও বলেন, প্রচণ্ড আর্থিক টানাপোড়েনের মধ্যেও নেতাকর্মীরা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি অধীনস্থ নেতাকর্মীদেরও সততা, নীতি ও আদর্শ নিয়ে চলার জন্য অনুপ্রাণিত করেছেন।

শিক্ষার্থীদের প্রসঙ্গেও নিজের ভূমিকার কথা তুলে ধরেন রাকিব। তিনি বলেন, দেশের বিভিন্ন ক্যাম্পাসে ইতিবাচক ছাত্ররাজনীতির বিকাশে তিনি ব্যক্তিগতভাবে কাজ করার চেষ্টা করেছেন। ছাত্রদলের নেতাকর্মীদের কারণে কোনো সাধারণ শিক্ষার্থী যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি না হন, সেদিকেও তিনি বিশেষভাবে নজর রেখেছেন।

নিজ দলের বাইরের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে এলে নিজের অবস্থান থেকে সেগুলো সমাধানের চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রদল সভাপতি।

রাকিব-নাসির কমিটির অন্যতম বড় সফলতা হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে কার্যকর ভূমিকা পালনের কথা উল্লেখ করেন তিনি।

রাকিব বলেন, ৫ আগস্ট ২০২৪-এর পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হওয়া নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক সমালোচনা ও বুলিং উপেক্ষা করেও নেতৃত্ব দিতে হয়েছে তাদের।

স্ট্যাটাসের শেষাংশে নিজের জীবনে নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন রাকিবুল ইসলাম রাকিব। নিজেকে আরও পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে তারও ভুলত্রুটি থাকতে পারে। কারও মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

সবশেষে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাকিব। তার এই বক্তব্যের পর ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

 


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৭ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৭ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৬ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom