আইন-আদালত

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলায় যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

অনলাইন ডেস্ক

১ মাস আগে


ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলায় যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন যেকোনো দিন রায় ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২

সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন এবং পাল্টা যুক্তি খণ্ডন শেষ হয়।

এদিন প্রথমে আইনগত বিষয়ে বক্তব্য দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলন ঘিরে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে মানুষ হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়েছিল। মামলায় দাখিল করা বিভিন্ন অডিও-ভিডিওতে এর প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়।

এর জবাবে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম বলেন, জনগণের জানমাল রক্ষার জন্য ‘শুট অ্যাট সাইট’ নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তার তিন মক্কেল কোনো কমান্ডিং পজিশনে ছিলেন না এবং তাদের বিরুদ্ধে কাউকে হত্যা বা হত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ নেই বলে দাবি করেন তিনি।

এরপর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী ইশরাত জাহান। তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বদানকারীদের মধ্যে তার চার মক্কেল-সাদ্দাম হোসেন, ওয়ালি আসিফ ইনান, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের নাম নেই।

তিনি আরও বলেন, অধীনস্থ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগও প্রমাণিত হয়নি। তার দাবি, প্রসিকিউশনের উপস্থাপিত ভিডিওতে তার মক্কেলদের হাতে লাঠিসোঁটা দেখা যায়নি এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রত্যক্ষ প্রমাণও উপস্থাপন করা হয়নি।

ইশরাত জাহান তার চার মক্কেলের খালাস দাবি করেন।

পরে আসামিপক্ষের যুক্তির জবাব দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’-এর আইনি ব্যাখ্যা তুলে ধরে বলেন, আন্দোলন দমনে সংঘটিত অপরাধের জন্য মামলার আসামিদের দায় রয়েছে। এমনকি আন্দোলন দমনে একজন ব্যক্তি নিহত হলেও সংশ্লিষ্ট আসামিদের অপরাধের দায় থেকে মুক্তি মিলবে না বলে আইনি যুক্তি দেন তিনি।

অন্যদিকে সাংবাদিকদের কাছে আসামিপক্ষের আইনজীবী এম হাসান ইমাম বলেন, মামলায় মোট ২৮ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে ১৬ জন ফরমাল বা বিশেষজ্ঞ সাক্ষী এবং ১২ জন ভুক্তভোগীদের স্বজন। তার দাবি, সাক্ষীদের কেউ ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত ও বাহাউদ্দিন নাছিমকে জড়িত করে সাক্ষ্য দেননি।

এর আগে ১২ আগস্ট সাত আসামির সর্বোচ্চ সাজা দাবি করে প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক শেষ করে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে আনা চারটি অভিযোগই প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই কোনো অনুকম্পা না দেখিয়ে তাদের সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন জানানো হয়।

মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। সাত আসামিই বর্তমানে পলাতক।

গত ২ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন। চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন একই ট্রাইব্যুনাল।


আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী
আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী

মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে আপসের পরও আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে গাজী নজরুল ইসলাম ও...

২০ ঘন্টা আগে


মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই
মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা দুই আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর...

২৩ ঘন্টা আগে


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

২ দিন আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

২ দিন আগে

Dr.Mahfuzul Alom