সরকারকে ‘সংখ্যাগরিষ্ঠতার ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বর্তমান সরকারের মধ্যে ‘সংখ্যাগরিষ্ঠতার ভূত’ ভর করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের মতামত উপেক্ষা করে আইন পরিবর্তন ও সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এভাবে চললে অতীতের বিভিন্ন সরকারের মতো বর্তমান সরকারও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর তথ্য ও সম্প্রচার বিভাগের আয়োজনে ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬: নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাক্স্বাধীনতা দমন?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, একসময় বিরোধী দলকে ‘ভূতে ধরেছে’ বলা হলেও এখন মনে হচ্ছে সরকারকেই ভূতে ধরেছে। তাঁর দাবি, সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা ও দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের রায় উপেক্ষা করার প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। তাই প্রয়োজন অনুযায়ী আইন প্রণয়ন বা সংশোধনের প্রয়োজন হতে পারে। তবে ২০২৫ সালে জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশকে ২০২৬ সালে আইনে রূপ দেওয়ার কয়েক মাসের মধ্যেই আবার সংশোধনের উদ্যোগ কেন নেওয়া হচ্ছে, সে বিষয়ে সরকারের ব্যাখ্যা প্রয়োজন।
প্রস্তাবিত সংশোধনীর বিভিন্ন ধারা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, মানহানি, গুজব, অসত্য তথ্য, তল্লাশি ও জব্দের মতো বিষয়ে আইনে অস্পষ্টতা থাকলে অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। এসব বিধান রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহারের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে জামিন অযোগ্য ধারাগুলো বাতিলের দাবি জানান গোলাম পরওয়ার।
‘গুজব’, ‘অপতথ্য’ ও ‘ভুল তথ্য’-এর সুনির্দিষ্ট সংজ্ঞা আইনে থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। তাঁর মতে, এসব বিষয়ে স্পষ্টতা না থাকলে আইন প্রয়োগের ক্ষেত্রে অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।
বিদ্যমান সাইবার সুরক্ষা আইন বহাল রেখে প্রস্তাবিত সংশোধনীগুলো আপাতত প্রত্যাহারের আহ্বান জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, সরকারের উচিত শুধু আইনের খুঁটিনাটি নিয়ে না থেকে জনগণের মনোভাবও বোঝা। জনগণের মতামত মিছিল, স্লোগান, পোস্টার ও দেয়াললিখনের মাধ্যমেও প্রকাশ পায় বলে উল্লেখ করেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমান। তিনি সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারা, সম্ভাব্য প্রভাব এবং নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে এর সম্পর্ক তুলে ধরেন।
প্রবন্ধে সাইবার নিরাপত্তার পাশাপাশি নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন সমুন্নত রাখতে ১৬টি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে প্রকৃত সাইবার অপরাধকে আইনের মূল বিষয় করা, মতপ্রকাশ ও সাইবার অপরাধকে পৃথকভাবে বিবেচনা, অস্পষ্ট শব্দের ব্যবহার কমানো এবং মানহানিকে সাইবার অপরাধের আওতায় না আনার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া গুজব শনাক্তে স্বাধীন ও যাচাইযোগ্য ব্যবস্থা, শাস্তির বিধান পুনর্বিবেচনা, কনটেন্ট ব্লকের কারণ প্রকাশ, গ্রেপ্তার ও তল্লাশির ক্ষেত্রে আদালতের অনুমতির গুরুত্ব বাড়ানো, জামিনের সুযোগ নিশ্চিত করা এবং সাংবাদিকদের বিশেষ সুরক্ষার সুপারিশ করা হয়েছে।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১১ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
