সারাদেশ

তিতাসপাড়ে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলা

অনলাইন ডেস্ক

১৮ দিন আগে


তিতাসপাড়ে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলা

ছবি: সংগৃহীত


শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে এবারের আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ।

আয়োজকরা জানান, তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গাঁওগেরাম পয়েন্ট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে মেড্ডা সরকারি শিশু পরিবার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতা শেষ হয়। জেলার সদর, নবীনগরসহ বিভিন্ন এলাকা থেকে মোট ১০টি নৌকা এতে অংশ নেয়। প্রাথমিক ধাপের প্রতিযোগিতা শেষে বিজয়ী চারটি নৌকা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।

বিকেল সাড়ে ৩টায় শিমরাইলকান্দি গাঁওগেরাম পয়েন্টে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

উদ্বোধনের পর রং-বেরঙের বাহারি পোশাক পরা মাঝিরা সুসজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েন। বাদ্যযন্ত্রের তালে মাঝিদের ভাটিয়ালী গান, বৈঠার ছন্দময় শব্দ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো নদীপাড় প্রাণবন্ত হয়ে ওঠে। দর্শকরাও মাঝিদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উৎসাহ দেন-‘মারো টান, হেইয়ারে হেইয়াহো’।

চ্যাম্পিয়ন শাপলা ভয়েস ক্লাব

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জেলা সদরের ‘শাপলা ভয়েস ক্লাব’। দলটি পুরস্কার হিসেবে পায় দুই লাখ টাকা। দ্বিতীয় হয় জেলা সদরের ‘দারমা গ্রামের নৌকা’, তারা পায় দেড় লাখ টাকা। তৃতীয় স্থান অর্জন করে ‘নবীনগরের পুইল যুব সংঘ’, তাদের পুরস্কার এক লাখ টাকা।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দলকে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।

দীর্ঘ দুই বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় এবার দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তিতাস নদীর দুই তীরে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ প্রতিযোগিতা উপভোগ করেন। কেউ নদীর তীর থেকে, কেউ বিভিন্ন ভবনের ছাদ ও ঘাটে দাঁড়িয়ে, আবার কেউ নৌযানে বসে উপভোগ করেন এ ঐতিহ্যবাহী আয়োজন।

নৌকা বাইচকে কেন্দ্র করে দিনভর তিতাস নদীর পাড়ে ছিল উৎসবের আমেজ। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই আয়োজন শুধু বিনোদনের মাধ্যমই নয়, স্থানীয় মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বন্ধনও আরও দৃঢ় করেছে।


অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘন্টা আগে


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১ দিন আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom