জুলাই সনদের' ভিত্তিতে নির্বাচনের দাবি খেলাফত আন্দোলনের
অনলাইন ডেস্ক
'জুলাই সনদের' আইনি ভিত্তি প্রদান এবং সে অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় মারকাজুল খেলাফত কামরাঙ্গীরচর মাদ্রাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এই ৭ দফা দাবি এবং যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে উত্থাপিত ৭টি প্রধান দাবি হলো:
১. জুলাই সনদের আলোকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। ২. একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। ৩. নির্বাচনের সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে। ৪. শাপলা গণহত্যা ও ২০২৪ সালের গণহত্যাসহ ফ্যাসিবাদী সরকারের সকল জুলুম, নির্যাতন ও দুর্নীতির দ্রুত বিচার দৃশ্যমান করতে হবে। ৫. শাপলা চত্বরের শহীদদের এবং ২৪-এর আন্দোলনকারীদের মতো রাষ্ট্রীয় মর্যাদা ও আহতদের সুচিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। ৬. বিগত সরকারগুলোর আমলে দেশ থেকে বিদেশে পাচার করা সকল অর্থ ফেরত আনতে হবে। ৭. দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নাচ ও গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে খেলাফত আন্দোলন বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে:
- আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ।
- ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি।
- ২৬ সেপ্টেম্বর সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।
প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, কেন্দ্রীয় নেতা মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুরী এবং মাওলানা আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
