টেকনোলজি

আফতাবনগরে চালু হলো বুয়েট উদ্ভাবিত ব্যাটারিচালিত ই-রিকশা

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


আফতাবনগরে চালু হলো বুয়েট উদ্ভাবিত ব্যাটারিচালিত ই-রিকশা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত পরিবেশবান্ধব ব্যাটারিচালিত ই-রিকশা এবার রাজধানীর আফতাবনগরে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। বাড্ডা–রামপুরা সড়ক থেকে আফতাবনগরে প্রবেশের সংযোগ সড়কে এই ই-রিকশার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে আফতাবনগরের আড্ডার মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ই-রিকশার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এর আগে পল্টন, ধানমন্ডি ও উত্তরায় পাইলট প্রকল্প হিসেবে বুয়েটের তৈরি ই-রিকশা চালু করা হয়েছিল। তার ধারাবাহিকতায় এবার আফতাবনগর এলাকায় পরীক্ষামূলকভাবে এই রিকশা চালু করা হলো। পর্যায়ক্রমে চালকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে তাদের লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্সপ্রাপ্ত চালকরাই নির্ধারিত এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চালাতে পারবেন। ভাড়া ও গতিসীমা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে।

আয়োজকরা জানান, নতুন এই ই-রিকশায় ৩৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ চলতে সক্ষম। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নতুন কিছু নিরাপত্তা সুবিধা যুক্ত থাকায় চালকদের মধ্যে ই-রিকশা চালানোর আগ্রহ বাড়ছে বলেও জানান তারা।

‘আফতাবনগরে বুয়েট উদ্ভাবিত তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ঢাকায় চলাচলকারী অধিকাংশ যানবাহনের ইঞ্জিনের গতি ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার হলেও বাস্তবে রাজধানীতে গাড়ির গড় গতি মাত্র ৬ থেকে ৭ কিলোমিটার। ফলে উচ্চগতির ইঞ্জিন ব্যবহারে জ্বালানির অপচয় হচ্ছে এবং সময় নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, গড় গতি কম হলেও ঢাকায় সড়ক দুর্ঘটনা অহরহ ঘটছে, যার প্রধান কারণ বিশৃঙ্খলা ও নিয়ম না মানা। ঢাকায় রাস্তার পরিসর সীমিত হলেও বিদ্যমান সড়কগুলো শৃঙ্খলার সঙ্গে ব্যবহার করলে যান চলাচলের গড় গতি বাড়ানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব। সে লক্ষ্যেই বুয়েট উদ্ভাবিত ই-রিকশা চারটি রুটে পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে। ভবিষ্যতে এই ই-রিকশা ধীরে ধীরে পুরো ঢাকা শহরে সম্প্রসারণ করা হবে।

ডিএনসিসি সূত্র জানায়, পরিবেশ দূষণ কমানো, জ্বালানি সাশ্রয় এবং নগর পরিবহনে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষামূলক চলাচলের ফলাফল মূল্যায়নের পর ই-রিকশার সংখ্যা ও রুট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

 


​বাংলাদেশের মধ্য দিয়ে স্টারলিংকের ‘আনফিল্টারড ডেটা’: ইন্টারনেটে কি কোনো পরিবর্তন আসবে?
​বাংলাদেশের মধ্য দিয়ে স্টারলিংকের ‘আনফিল্টারড ডেটা’: ইন্টারনেটে কি কোনো পরিবর্তন আসবে?

​সম্প্রতি স্টারলিংকের ‘আনফিল্টারড ডেটা’ বা অবাধ তথ্য প্রবাহের সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই প্রশ্ন-স্টারলিংকের এই সুবিধার ফলে কি বাংলাদেশের সাধারণ গ্রাহকরা কোনো প্রকার ফিল্টারিং বা ব্লকিং ছাড়া ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন? তবে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি সাধারণ গ্রাহকদের জন্য নয়।​আসলে ‘আনফিল্টারড ডেটা’ কী?সহজ...

২৫ দিন আগে


স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ
স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকালে পূর্বঘোষণা ছাড়াই প্রতিষ্ঠানটিতে আকস্মিক সফর করেন তিনি।সকাল ৯টা ১৫ মিনিটে স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে...

১ মাস আগে


বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে কোটি ব্যবহারকারী
বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার সন্ধ্যা থেকে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে প্ল্যাটফর্মটিতে প্রবেশ, লগ-ইন এবং ফিড আপডেট সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা।বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, তারা ফেসবুকে প্রবেশ করতে পারছেন না কিংবা অ্যাপ ও ওয়েবসাইট স্বাভাবিকভাবে লোড হচ্ছে না। অনেকের ক্ষেত্রে নিউজ ফিড আপডেট না হওয়া,

১ মাস আগে


শিশু-কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া
শিশু-কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া

শিশু ও কিশোরদের স্বাভাবিক বিকাশ আজ এক গুরুতর চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে তাদের মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।বর্তমানে অনেক পরিবারেই শিশুদের হাতে বইয়ের বদলে স্মার্টফোন তুলে দেওয়া হচ্ছে। ফলে অল্প বয়সেই তারা মোবাইল ডিভাইসের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। পড়াশোনা ও...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom