জাতীয়

ভারতজুড়ে বিক্ষোভ, ভিসা সেবা বন্ধ: উত্তেজনায় বাংলাদেশ–ভারত সম্পর্ক

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


ভারতজুড়ে বিক্ষোভ, ভিসা সেবা বন্ধ: উত্তেজনায় বাংলাদেশ–ভারত সম্পর্ক

ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব, ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কূটনৈতিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতির কারণে ভারতীয় কয়েকটি শহরে বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ঢাকা।

গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০–২৫ জনের একটি দল বিক্ষোভ করে। প্রায় ২০ মিনিট ধরে তারা বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এ ঘটনার পর থেকেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও স্পষ্ট হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালায় হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীরা প্রথমে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বাংলাদেশের ভিসা কেন্দ্র ঘেরাও করে এবং কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার দাবি জানান।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। একপর্যায়ে তারা ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায় এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবি তোলে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় নিরাপত্তাজনিত কারণে শিলিগুড়ির ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

কূটনৈতিক সূত্র জানায়, কয়েক বছর ধরে ‘ডিইউডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠান শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনা করে আসছিল। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বেলা তিনটার আগেই প্রতিষ্ঠানটি ভিসা কেন্দ্র বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পুনরায় ভিসা কেন্দ্র চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে অনিবার্য কারণ উল্লেখ করে একই দিনে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও সব ধরনের কনস্যুলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা। পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এসব মিশনে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং মঙ্গলবার সকালে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) বিক্ষোভের ঘোষণার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, গতকাল বেলা দেড়টা থেকে বিকেল চারটার মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেস, নাস্তিক মঞ্চ এবং অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্টের নেতাকর্মীরা বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ করেন। পুলিশ বাংলাদেশ উপহাইকমিশনের প্রায় এক কিলোমিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেয়। পরে নাস্তিক মঞ্চ ও অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্টের প্রতিনিধিরা উপহাইকমিশনে স্মারকলিপি দেন।

এ ছাড়া মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করেছে ভিএইচপি। সংবাদ সম্মেলনে সংগঠনটির আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান। তিনি ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছে ভারতীয় একটি মহল। এর আগে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে গত রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। এরপর শিলিগুড়ি, কলকাতা ও গুয়াহাটিতে বিক্ষোভ এবং মুম্বাইয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আরও জোরালোভাবে সামনে আনা হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনা এবং কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঢাকা–দিল্লি সম্পর্ককে নতুন এক সংকটপর্বে নিয়ে গেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দুই দেশের কূটনৈতিক ও জনগণভিত্তিক যোগাযোগে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।


পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো

২ ঘন্টা আগে


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

৫ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

১৮ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom