জাতীয়

চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি টাকা

ছবি: সংগৃহীত


বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন থেকে ২০টি সর্বাধুনিক ‘জে-১০সিই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট’ কেনার চূড়ান্ত প্রক্রিয়া চলছে। প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, লজিস্টিকস, অবকাঠামো, বিমা ও করসহ এ ক্রয়ে সরকারের মোট ব্যয় হতে পারে প্রায় ২ দশমিক ৩০২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৩১৪ কোটি টাকা।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, যুদ্ধবিমান কেনার জন্য গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি ইতোমধ্যে দর-কষাকষি শেষে একটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে। অনুমোদনের জন্য তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএটিআইসি) কাছ থেকে সরকার-থেকে-সরকার (জিটুজি) পদ্ধতিতে সরাসরি এসব যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছর থেকে ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরের বিশেষ থোক বরাদ্দের মাধ্যমে ক্রয় ব্যয় পরিশোধের পরিকল্পনা করা হয়েছে।

প্রতিটি জে-১০সিই যুদ্ধবিমানের মূল মূল্য ধরা হয়েছে ৬২ দশমিক ৭ মিলিয়ন ডলার। তবে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, লজিস্টিকস, অবকাঠামো নির্মাণ, বিমা ও করসহ আনুষঙ্গিক ব্যয় যুক্ত হওয়ায় কার্যকর ব্যয় প্রতিটি বিমানের ক্ষেত্রে প্রায় ১১৫ মিলিয়ন ডলারে দাঁড়াবে।

নথি অনুযায়ী, বৈমানিক ও প্রকৌশলীদের দেশি-বিদেশি প্রশিক্ষণ, অপারেশনাল সামগ্রী, কারিগরি ও লজিস্টিক সহায়তা এবং পরিবহন বাবদ ব্যয় ধরা হয়েছে ৮৮৮ মিলিয়ন ডলার। ভ্যাট, বিমা ও অবকাঠামোগত কাজের জন্য আরও ১৫৮ মিলিয়ন ডলার এবং অতিরিক্ত জ্বালানি ট্যাংকের জন্য ২ দশমিক ২৮ মিলিয়ন ডলার ব্যয় হবে।

প্রস্তাবিত ২০টি যুদ্ধবিমানের মধ্যে ১০টি বিমানবাহিনীর টেবিল অব অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্টে (টিওঅ্যান্ডই) অন্তর্ভুক্ত করা হবে। বাকি ১০টি এর বাইরে থাকবে।

জে-১০সিই বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে চীনের জে-১০সি যুদ্ধবিমান নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে। একই সঙ্গে সমমানের ইউরোপীয় যুদ্ধবিমানের তুলনায় চীনা যুদ্ধবিমানের মূল্য তুলনামূলক কম বলেও তিনি উল্লেখ করেন।

চীনের জে-১০সি যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ হলো জে-১০সিই। এক ইঞ্জিন ও এক আসনের এই সুপারসনিক যুদ্ধবিমান আকাশযুদ্ধের পাশাপাশি ভূমি ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা, নজরদারি এবং শত্রুর রাডার ব্যবস্থায় আঘাত হানার মতো বিভিন্ন কাজে ব্যবহারের উপযোগী। ড্রোনের সঙ্গে সমন্বয় করেও অভিযান পরিচালনার সক্ষমতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি ড্রোন সিস্টেম সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, জে-১০সিই যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে। তবে এত বড় সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

৩৩ মিনিট আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

৮ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

১৬ ঘন্টা আগে


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom