রাজনীতি

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান, মহাসমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রাম প্রতিনিধি

১০ মাস আগে


দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান, মহাসমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি

ছবি: সংগৃহীত


দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এই মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

দলীয় সূত্র জানায়, মহাসমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হতে পারে। চট্টগ্রাম নগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের আগমন ঘটবে বলে আশা করছেন বিএনপি নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, শনিবার রাতে তারেক রহমান চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেদিন রাতেই নগরে অবস্থান করবেন। রোববার বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠে তিনি বক্তব্য দেবেন। তিনি বলেন, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রামজুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশিত। এটি কোনো দলীয় সীমাবদ্ধতার সমাবেশ নয়; দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতি থাকবে।

নগরে সাজসাজ রব

তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো চট্টগ্রামজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও প্রচারণা কর্মসূচি পালন করা হচ্ছে।

মহাসমাবেশকে সামনে রেখে পলোগ্রাউন্ড মাঠে জোরেশোরে প্রস্তুতি চলছে। বিশাল মঞ্চ নির্মাণকাজ শেষের পথে। মাঠ ও মঞ্চে সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ চলছে। পাশাপাশি সমাবেশে উপস্থিত জনতার বক্তব্য শোনার সুবিধার্থে মাঠের বিভিন্ন স্থানে মাইক ও আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে।

চট্টগ্রাম সিটি মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন মঞ্চ নির্মাণকাজ তদারকি করছেন। তিনি জানান, মঞ্চটি ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থে নির্মাণ করা হচ্ছে। মঞ্চের সামনের অংশে নিরাপত্তাকর্মীদের অবস্থান থাকবে। এরপর নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। তার পরবর্তী অংশে সাধারণ জনতা অবস্থান করবেন।

নিরাপত্তার চাদরে ঢাকা সমাবেশ

তারেক রহমানের আগমন ও মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, মঞ্চসহ পুরো এলাকায় পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে। সমাবেশকে কেন্দ্র করে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়ন থাকবে।

তিনি আরও জানান, মঞ্চ নির্মাণকাজ শেষ হওয়ার পর ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, নির্বাচন ও সমাবেশকে কেন্দ্র করে নগরীতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত সব প্রস্তুতিমূলক বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) সমাবেশ উপলক্ষে চট্টগ্রামে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

যুবদলের প্রস্তুতি

মহাসমাবেশ সফল করতে যুবদলের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি চট্টগ্রামবাসীর আবেগের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতা সরাসরি মানুষের সামনে কথা বলবেন, যা নেতাকর্মীদের নতুন করে অনুপ্রাণিত করবে।

সফরসূচি

রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি হোটেলে তরুণদের সঙ্গে ‘পলিসি ডায়ালগ’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে বক্তব্য দেবেন তিনি। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনীর পাইলট কলেজ মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত পথসভা ও সমাবেশে অংশ নেবেন।


ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...

১৭ ঘন্টা আগে


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ দিন আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...

২ দিন আগে


পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫
পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার

২ দিন আগে

Dr.Mahfuzul Alom