এই দেশ আমার প্রথম ঠিকানা, এই দেশে আমার শেষ ঠিকানা: তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর ধরে দেশের জনগণের ভোটাধিকার জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল। এখন যখন গণতন্ত্র পুনরুদ্ধারের পথচলা শুরু হয়েছে, তখন একটি মহল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আবারও হরণ না হয়—সে বিষয়ে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।
শনিবার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন। এতে তিন জেলার কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।
বিকেল ৫টা ৪৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাস জনসভাস্থলে পৌঁছায়। মাগরিবের নামাজ আদায়ের পর তিনি মঞ্চে ওঠেন। প্রায় দুই দশক পর ফেনীতে কোনো রাজনৈতিক জনসভায় অংশ নিয়ে টানা প্রায় ২৫ মিনিট বক্তব্য দেন তিনি।
তারেক রহমান বলেন, “বিএনপি সরকার গঠন করলে দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আমাদের একটাই লক্ষ্য—দেশ গড়া। আমরা যদি দেশ গড়তে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এই দেশই আমার, আপনার, আমাদের সবার শেষ ঠিকানা। এই দেশেই আমাদের জন্ম, এই দেশেই আমাদের মৃত্যু। তাই দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের দিন যারা তাহাজ্জুদ পড়েন না, তারাও তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠবেন। যারা পড়েন, তারা নামাজ শেষে সরাসরি ভোটকেন্দ্রে যাবেন। ফজরের নামাজ জামাতে আদায় করে সকাল সাতটার পর ভোটের লাইনে দাঁড়াবেন। ভোট দিয়ে হিসাব বুঝে না নেওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না। আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে দেশের মানুষের সঠিক সিদ্ধান্তের ওপর।”
ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এই তিন জেলায় ধানের শীষ বিজয়ী হলে সেটি হবে দেশনেত্রী খালেদা জিয়ার বিজয়।”
ফেনীবাসীর দাবির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা হবে। গ্রাম পর্যায়ে চিকিৎসক পাঠিয়ে মা-বোনদের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
ফেনীর সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “ফেনী আমার নানার বাড়ি। এখানে চট্টগ্রামের মতো কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। ফেনীতে ইপিজেড স্থাপন, তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দেশের ভাগ্য বদলে যাবে।”
বক্তব্য শেষে তিনি ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, “এঁরা নির্বাচিত হলে আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। এলাকার সমস্যা নিয়ে সরাসরি তাঁদের কাছে গিয়ে সমাধানের দাবি জানাবেন।”
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, নোয়াখালী-২ আসনের প্রার্থী জয়নুল আবেদিন ফারুক, ফেনী-২ আসনের প্রার্থী জয়নাল আবেদিন (ভিপি জয়নাল), নোয়াখালী-১ আসনের প্রার্থী মাহবুব উদ্দিন খোকন, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফেনী-১ আসনের প্রার্থী মুন্সী রফিকুল আলম (মজনু)সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারেক রহমানের বক্তব্য শেষ হয়। এরপর তিনি কুমিল্লার উদ্দেশে রওনা দেন। এর আগে দুপুরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশস্থলের পাশে গুমের শিকার পরিবার, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেটে জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তারেক রহমান। পরদিন ঢাকায় সমাবেশ শেষে শনিবার চট্টগ্রাম হয়ে ফেনীতে জনসভায় অংশ নেন তিনি। এরপর কুমিল্লা ও নারায়ণগঞ্জে আরও একাধিক জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তার।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১১ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
