জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ

ছবি: সংগৃহীত


রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের প্রতি দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। উদ্বোধনের পরদিন সাধারণ দর্শনার্থীদের জন্য বরাদ্দ প্রথম দিনের ৯০০টি টিকিট বুধবার বিকেল ৪টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন। তিনটি পৃথক সময়সূচিতে প্রতিবার ৩০০ জন করে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। টিকিট অনলাইনের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও সংগ্রহ করা যাবে।

দর্শনার্থীদের জন্য নির্ধারিত সময় হলো সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা। নির্ধারিত সময়ের মধ্যেই টিকিটধারীদের প্রবেশ করতে হবে।

প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। কোনো নির্ধারিত সময়ের সব টিকিট বিক্রি হয়ে গেলে পরবর্তী দিনের খালি সময়ের টিকিট সংগ্রহ করতে হবে। দর্শনার্থীদের চাপ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সীমিত সংখ্যক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছিলেন, উদ্বোধনের প্রথম দিনটি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।

তবে উদ্বোধনের দিন টানা বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মানুষ জাদুঘরের সামনে জড়ো হন। দীর্ঘক্ষণ ফটক না খোলায় একপর্যায়ে কয়েকজন জুলাইযোদ্ধা, আহত আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্য ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে অন্যরাও সেখানে প্রবেশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

জাদুঘরে যা রয়েছে

একসময় দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে পরিচিত গণভবন এখন রূপ নিয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। প্রায় ১৭ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এ জাদুঘরে জুলাই আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম এবং সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের নানা স্মারক ও নিদর্শন সংরক্ষণ করা হয়েছে।

প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই দেখা যায় লাল ইটের পথের দুই পাশে ফলজ গাছ এবং ‘গণতন্ত্রের পথে দীর্ঘ যাত্রা’ শীর্ষক প্রদর্শনী, যেখানে স্বাধীনতার পর থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

জাদুঘরের অন্যতম আকর্ষণ ‘জুলাই স্মৃতিসৌধ’, যেখানে সাদা মার্বেল পাথরে বৃত্তাকারে শহীদদের নাম উৎকীর্ণ করা হয়েছে। প্রতীকী কবরস্থান, আন্দোলনের বিভিন্ন ঘটনার ভাস্কর্য, গুলিবিদ্ধ আন্দোলনকারী, সাঁজোয়া যানে ঝুলন্ত প্রতিবাদী, নারী আন্দোলনকারীদের স্মরণে নির্মিত শিল্পকর্মসহ বিভিন্ন স্থাপনা দর্শনার্থীদের আকর্ষণ করবে।

এছাড়া আলোচিত ‘আয়নাঘর’-এর আদলে নির্মিত একটি প্রতীকী কক্ষ, গুমের অভিযোগসংক্রান্ত প্রদর্শনী, সাবেক প্রধানমন্ত্রীর বৈঠককক্ষ, শহীদদের ব্যক্তিগত স্মারক, রক্তমাখা পোশাক, দিনভিত্তিক ঘটনাপঞ্জি, ভিডিওচিত্র, আলোকচিত্র, দলিল এবং বিশাল ডিজিটাল স্ক্রিনে জুলাই আন্দোলনের বিভিন্ন দৃশ্যও প্রদর্শিত হচ্ছে।

জাদুঘর কর্তৃপক্ষের আশা, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক সংগ্রামের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে ভূমিকা রাখবে।

 

 

 


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...

৬ ঘন্টা আগে


‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...

৬ ঘন্টা আগে


‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...

১৯ ঘন্টা আগে


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom