জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

অনলাইন ডেস্ক

১ মাস আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।

জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে গণঅভ্যুত্থানের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। উদ্বোধনের পরদিন দর্শনার্থীদের জন্য বরাদ্দ প্রথম দিনের ৯০০টি টিকিট বুধবার বিকেল ৪টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা-এই তিনটি নির্ধারিত সেশনে ৩০০ জন করে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। টিকিট অনলাইনের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও সংগ্রহ করা যাবে।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। নির্ধারিত কোনো সেশনের টিকিট শেষ হয়ে গেলে পরবর্তী দিনের খালি সেশনের জন্য টিকিট সংগ্রহ করতে হবে। দর্শনার্থীদের চাপ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আপাতত সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছিলেন, উদ্বোধনের প্রথম দিনটি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।

তবে উদ্বোধনের দিন টানা বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মানুষ জাদুঘরের সামনে ভিড় করেন। দীর্ঘ সময় ফটক বন্ধ থাকায় একপর্যায়ে বিক্ষুব্ধ জুলাইযোদ্ধা, আহত আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্যরা ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে অন্য দর্শনার্থীরাও সেখানে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দেন।

জাদুঘরে যা যা রয়েছে

রাজধানীর শেরেবাংলা নগরে ১৭ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই জাদুঘরটি একসময় দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ ছিল। নতুন রূপে এটি এখন জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের অন্যতম কেন্দ্র।

প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই দেখা যাবে ‘গণতন্ত্রের পথে দীর্ঘ যাত্রা’ শীর্ষক প্রদর্শনী, যেখানে স্বাধীনতার পর থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

জাদুঘরের অন্যতম আকর্ষণ ‘জুলাই স্মৃতিসৌধ’। এখানে সাদা মার্বেল পাথরে শহীদদের নাম উৎকীর্ণ করা হয়েছে এবং প্রতীকী কবরস্থানের আদলে একটি স্মৃতিক্ষেত্র নির্মাণ করা হয়েছে।

খোলা প্রাঙ্গণে রয়েছে আন্দোলনের বিভিন্ন ঘটনার প্রতীকী ভাস্কর্য। এছাড়া দক্ষিণ পাশে নির্মিত হয়েছে আলোচিত ‘আয়নাঘর’-এর আদলে একটি প্রতীকী কক্ষ, যেখানে গুমের অভিযোগে ব্যবহৃত বন্দিশালার পরিবেশ তুলে ধরা হয়েছে।

দোতলা ভবনের নিচতলায় সংরক্ষিত রয়েছে বিভিন্ন নথি, আলোকচিত্র, ভিডিওচিত্র, প্রামাণ্য উপকরণ এবং আন্দোলনসংক্রান্ত প্রদর্শনী। সাবেক প্রধানমন্ত্রীর বৈঠককক্ষও আগের অবস্থায় সংরক্ষণ করা হয়েছে। গণঅভ্যুত্থানের সময় কক্ষটির যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা বিশেষ কাচের মাধ্যমে অক্ষত অবস্থায় দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হচ্ছে।

দ্বিতীয় তলায় রয়েছে জুলাই আন্দোলনের শহীদদের ব্যবহৃত পোশাক, বই, খাতা, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন ব্যক্তিগত স্মারক। প্রদর্শনীতে স্থান পেয়েছে শহীদ আবু ইসাহাকের রক্তমাখা পোশাকও।

এছাড়া দিনভিত্তিক জুলাই আন্দোলনের ঘটনাপঞ্জি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, শিল্পকর্ম এবং বিশাল ডিজিটাল পর্দায় আন্দোলনের বিভিন্ন দৃশ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। মিছিল, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ, পোস্টার, সূচিকর্ম ও ভাস্কর্যের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন অধ্যায়কে জীবন্তভাবে তুলে ধরা হয়েছে।


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

২৭ মিনিট আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

৪ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

৪ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom