জাতীয়

জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

অনলাইন ডেস্ক

১ মাস আগে


জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

ছবি: সংগৃহীত


একটি বিপ্লব কখনোই আকস্মিকভাবে জন্ম নেয় না। এটি কোনো একদিনের ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা মানুষের বঞ্চনা, ক্ষোভ, অন্যায়, নিপীড়ন ও মুক্তির আকাঙ্ক্ষার বিস্ফোরিত রূপ। সুপ্ত আগ্নেয়গিরির মতোই ইতিহাসের অন্তরালে নীরবে জমতে থাকে প্রতিবাদের লাভা, যা একসময় বিস্ফোরিত হয়ে বদলে দেয় একটি জাতির ভাগ্য। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানও ছিল তেমনই এক ঐতিহাসিক বিস্ফোরণ—দীর্ঘ ১৬ বছরের দমন-পীড়ন, বৈষম্য, দুর্নীতি ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনগণের সম্মিলিত জাগরণের অনিবার্য পরিণতি।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ধীরে ধীরে এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছিল, যেখানে ভয়, নীরবতা এবং নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিবেশই ছিল স্বাভাবিক বাস্তবতা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্রমেই দলীয়করণ ও দুর্নীতির কবলে পড়ে, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয় এবং ভিন্নমতের মানুষকে গ্রেপ্তার, গুম, মামলা ও হয়রানির মাধ্যমে দমন করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন সূচকেও সেই বাস্তবতার প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে। দুর্নীতি, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান ক্রমাগত অবনতির দিকে যেতে থাকে।

এই দমন-পীড়নের শিকার হয়েছিলেন বহু শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ নাগরিক। লেখক নিজেও ছিলেন সেই বাস্তবতার একজন প্রত্যক্ষ সাক্ষী। স্বাধীন মতপ্রকাশের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদ হারাতে হয় তাকে। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে নজিরবিহীনভাবে চাকরিচ্যুত হওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা হয় একের পর এক রাষ্ট্রদ্রোহের মামলা। মাত্র এক দিনের নোটিশে বিশ্ববিদ্যালয়ের বাসা ছাড়তে বাধ্য হন তিনি। ক্যানসারে আক্রান্ত স্ত্রী, ছোট্ট সন্তান এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শুরু হয় এক দীর্ঘ দুর্বিষহ জীবনসংগ্রাম।

বাংলাদেশের ইতিহাসে সংকটের প্রতিটি অধ্যায়ে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে, তেমনি ২০২৪ সালের জুলাইয়েও আন্দোলনের সূতিকাগার হয়ে ওঠে এই ক্যাম্পাস। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলেও ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজাকারের নাতিপুতি’ মন্তব্য আন্দোলনের গতিপথ আমূল বদলে দেয়। কোটা সংস্কারের দাবি মুহূর্তেই আত্মমর্যাদা, নাগরিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে, আর "তুমি কে, আমি কে—রাজাকার, রাজাকার" স্লোগান হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক।

১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। দুই হাত প্রসারিত করে নিরস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকা এক তরুণের বুকে গুলি—সেই দৃশ্য কোটি মানুষের হৃদয় নাড়িয়ে দেয়। একই দিনে চট্টগ্রামে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। এই দুই মৃত্যু আন্দোলনকে নতুন মাত্রা দেয় এবং সাধারণ মানুষের ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

১৮ জুলাই দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। আন্দোলনে যোগ দেয় ব্র্যাক, নর্থ সাউথ, আইইউবি, এআইইউবি, ইস্ট ওয়েস্টসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেদিনও গুলিতে প্রাণ হারান অনেক শিক্ষার্থী। বিইউপির শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে নিহত হন। মানবতার প্রতীক হয়ে ওঠা এই তরুণের আত্মত্যাগ জুলাই আন্দোলনের অন্যতম উজ্জ্বল স্মৃতি হয়ে আছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশব্যাপী কারফিউ জারি করে, ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সেনাবাহিনী মোতায়েন করে। কিন্তু দমন-পীড়ন আন্দোলনের গতি থামাতে পারেনি। বরং শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন। একটি ছাত্র আন্দোলন ধীরে ধীরে পূর্ণাঙ্গ গণঅভ্যুত্থানে পরিণত হয়।

লেখকের ব্যক্তিগত জীবনও তখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। গোয়েন্দা নজরদারি, গ্রেপ্তার ও গুমের আশঙ্কায় তাকে আত্মগোপনে থাকতে হয়। পরিবারের সদস্যদেরও নিরাপত্তার স্বার্থে এক স্থান থেকে অন্য স্থানে আশ্রয় নিতে হয়। অসুস্থ স্ত্রী, ছোট্ট সন্তান, বৃদ্ধ মা—সবার জীবন অনিশ্চয়তায় ঘেরা হয়ে পড়ে। অথচ তার অপরাধ ছিল কেবল স্বাধীনভাবে মত প্রকাশ করা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা।

আগস্টের শুরুতে আন্দোলনের একমাত্র দাবি হয়ে ওঠে—‘এক দফা, এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ।’ ৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে লাখো মানুষ সমবেত হন। কারফিউ, সাঁজোয়া যান, রাইফেল, কাঁদানে গ্যাস—কোনো কিছুই আর জনস্রোতকে থামাতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও সেই মিছিলে যোগ দেন। শেষ পর্যন্ত গণভবনের দিকে অগ্রসর হয় জনতা। দুপুরের পর হেলিকপ্টারে দেশত্যাগ করেন শেখ হাসিনা, আর পতন ঘটে দীর্ঘ ১৬ বছরের শাসনের।

লেখকের ভাষায়, সেই বিজয়ের দিনে ব্যক্তিগত সব কষ্ট যেন মিলেমিশে গিয়েছিল জাতির সম্মিলিত আনন্দে। তিনি বলেন, নিজের আত্মত্যাগের চেয়ে অসংখ্য তরুণ-তরুণী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগ ছিল অনেক বড়। তারাই খালি বুকে গুলির সামনে দাঁড়িয়ে ইতিহাস লিখেছেন। তাদের রক্ত, সাহস ও আত্মদানের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীনতার পর নতুন করে আরেকটি গণজাগরণের ইতিহাস রচনা করেছে। তাদের প্রতি জাতির ঋণ চিরকাল অম্লান থাকবে।

 

 


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

৩ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

৪ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১১ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom