খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচন পেছানোর কোনো কারণ নয়: আমীর খসরু
অনলাইন ডেস্ক
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
খসরু বলেন, “নির্বাচন তো নির্বাচনের জায়গায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সবচেয়ে বেশি নির্বাচন যিনি চাইবেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”
তিনি আরও বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে, এ চাওয়াই সবচেয়ে বেশি ছিল দেশনেত্রীর।
খসরু উল্লেখ করেন, “বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। চিকিৎসকেরা সবুজ সংকেত দিলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তিনি যে অবস্থায় থাকুক, তিনি চাইবেন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সংসদ ও সরকার গঠন করুক, গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরুক এবং মানুষের মালিকানা ফিরে পাক।”
তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচন পিছিয়ে যাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে?”

