জাতীয়

র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া

ছবি: সংগৃহীত


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত নিয়ে খসড়া আইনটি চূড়ান্ত করা হবে। পরে এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। নতুন আইন কার্যকর হলে র‌্যাবের বিদ্যমান আইনি কাঠামো বিলুপ্ত হবে, তবে নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে পুরোনো বিধান কার্যকর থাকবে।

পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট

খসড়া আইনে এসআরবিকে বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠনের প্রস্তাব করা হয়েছে। বাহিনীর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন মহাপরিচালক। প্রয়োজন অনুযায়ী ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন গঠন করা যাবে। সদর দপ্তর থাকবে ঢাকায়, তবে দেশের যেকোনো স্থানে ইউনিট স্থাপনের সুযোগ থাকবে।

শুধু পুলিশ নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এসআরবি গঠন করা যাবে। প্রেষণে নিয়োগের ন্যূনতম মেয়াদ দুই বছর রাখার প্রস্তাব করা হয়েছে।

অভিযান, গ্রেপ্তার ও তদন্তের ক্ষমতা বহাল

খসড়া অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে এসআরবির সদস্যরা তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার করতে পারবেন। মাদক, অস্ত্র, বিস্ফোরক, মানবপাচার, সংঘবদ্ধ অপরাধ, সাইবার অপরাধ এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী অপরাধ দমনে অভিযান পরিচালনার ক্ষমতা থাকবে।

এছাড়া আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে ফৌজদারি মামলার তদন্তও করতে পারবে বাহিনীটি। তদন্ত পরিচালনা করবেন অন্তত সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা এবং পুরো প্রক্রিয়ায় ফৌজদারি কার্যবিধি ও পুলিশ রেগুলেশন অনুসরণ বাধ্যতামূলক থাকবে।

এসআরবির জন্য হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখারও বিধান প্রস্তাব করা হয়েছে।

অভিযোগ প্রতিকার কমিটি

খসড়া আইনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো অভিযোগ প্রতিকার কমিটি। র‌্যাবের বিরুদ্ধে অতীতে ওঠা বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে নতুন বাহিনীর জবাবদিহি নিশ্চিত করতেই এই কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

কমিটির সভাপতি হবেন এসআরবির একজন অতিরিক্ত মহাপরিচালক। সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা, পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) এবং মানবাধিকার, আইন বা বিচার প্রশাসনে অন্তত ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সরকার মনোনীত একজন ব্যক্তি।

এই কমিটি নাগরিকদের অভিযোগ তদন্ত, প্রয়োজনে অনুসন্ধান দল গঠন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে। বাহিনীর কার্যক্রমে অবৈধ প্রভাব, হয়রানি, পদোন্নতি, পদায়ন বা বিভাগীয় শাস্তি সংক্রান্ত অভিযোগও পর্যালোচনা করা হবে।

কঠোর শৃঙ্খলা বিধান

খসড়া আইনে সদস্যদের জন্য বিস্তারিত আচরণবিধি নির্ধারণ করা হয়েছে। দায়িত্ব পালনকালে মাদকাসক্ত থাকা, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অমান্য, সরকারি অস্ত্র বা সরঞ্জামের অপব্যবহার, বেআইনি অর্থ আদায়, অপরাধীকে পালাতে সহায়তা কিংবা জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট সদস্যকে নিজ বাহিনীতে ফেরত পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে। পলাতক সদস্যকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট ব্যাটালিয়নে সোপর্দ করার প্রক্রিয়াও আইনে উল্লেখ করা হয়েছে।

র‌্যাবের সম্পদ ও জনবল এসআরবিতে স্থানান্তর

নতুন আইন কার্যকর হলে র‌্যাবের সব সম্পদ, জনবল, তহবিল, দায়-দায়িত্ব, চলমান মামলা, প্রশাসনিক কার্যক্রম এবং বিদ্যমান চুক্তি এসআরবির অধীনে স্থানান্তরিত হবে। নতুন বিধিমালা জারি না হওয়া পর্যন্ত র‌্যাবের বিদ্যমান বিভাগীয় কার্যবিধি প্রয়োজনীয় অভিযোজনসহ কার্যকর থাকবে।

প্রেক্ষাপট

২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। দুই দশকেরও বেশি সময় ধরে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বাহিনীটির বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সরকারের প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী, বাহিনীর নাম ও সাংগঠনিক কাঠামো পরিবর্তন করা হলেও অভিযান পরিচালনা, গ্রেপ্তার, তল্লাশি ও তদন্তের মৌলিক ক্ষমতার বড় অংশ বহাল থাকছে। তবে জবাবদিহি নিশ্চিত করতে নতুনভাবে অভিযোগ প্রতিকার কমিটি এবং আরও সুস্পষ্ট শৃঙ্খলা বিধান যুক্ত করা হয়েছে।


মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা

সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার

৫৫ মিনিট আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...

৪ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...

৮ ঘন্টা আগে


‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom