আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।

মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মূল উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া নয়; বরং এসব চাকরি থেকে অর্জিত অর্থের বড় একটি অংশ উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘ইনফিলট্রেটেড: নর্থ কোরিয়াস সিক্রেট ইউএস ওয়ার্কফোর্স’-এ এমন একটি চক্রের কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। দীর্ঘ এক বছর ধরে পরিচালিত অনুসন্ধানে ফাঁস হওয়া ব্রাউজার হিস্ট্রি, ই-মেইল, ক্যালেন্ডার এবং কম্পিউটারের স্ক্রিন রেকর্ডিং বিশ্লেষণ করা হয়েছে।

চাকরি পেতে এআইয়ের ব্যাপক ব্যবহার

অনুসন্ধানে উঠে এসেছে, একটি উত্তর কোরীয় দল মাত্র তিন মাসে যুক্তরাষ্ট্রের প্রায় এক হাজারের বেশি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছিল। আবেদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার করেছে।

এফবিআইয়ের হাতে এমন তথ্যও এসেছে, যেখানে দেখা যায় আকর্ষণীয় কাভার লেটার, জীবনবৃত্তান্তসহ চাকরির আবেদনপত্র তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে। শুধু আবেদন করেই তারা থেমে থাকেনি। চাকরির সাক্ষাৎকারের সময় নিয়োগদাতাদের প্রশ্নের উত্তর দিতে স্ক্রিনে থাকা এআই চ্যাটবটের সহায়তা নেওয়ারও প্রমাণ পাওয়া গেছে।

নিয়োগদাতারা এখন এ ধরনের প্রতারণা শনাক্ত করতে সতর্ক হওয়ায় উত্তর কোরিয়ার কর্মীরা আরও উন্নত প্রযুক্তির আশ্রয় নিচ্ছেন। নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখতে এআই-নির্ভর ফেস-সোয়াপিং প্রযুক্তি ব্যবহারের ঘটনাও অনুসন্ধানে উঠে এসেছে।

মার্কিন সহযোগীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে কাজ

উত্তর কোরিয়ায় সরাসরি মার্কিন কোম্পানির ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস পাঠানো কঠিন। এ কারণে দেশটির এসব কর্মী যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা সহযোগীদের ব্যবহার করছেন।

সহযোগীরা নিজেদের বাসা বা নির্দিষ্ট স্থানে মার্কিন কোম্পানির দেওয়া কম্পিউটার রেখে দেন। এরপর উত্তর কোরিয়ার কর্মীরা দূর থেকে সেই ডিভাইসে প্রবেশ করে কাজ পরিচালনা করেন।

কিছু সহযোগী বিষয়টি জেনেশুনেই এ কাজে যুক্ত হন। আবার কেউ কেউ প্রতারণার শিকার হয়ে অজান্তেই এই নেটওয়ার্কে জড়িয়ে পড়েন। তাদের কেউ ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চেক ভাঙানো কিংবা চাকরির সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার মতো কাজও করেন।

ওহাইও অঙ্গরাজ্যের এক ব্যক্তি জানান, উত্তর কোরীয় কর্মীরা মূল কাজ পরিচালনা করতেন, আর তিনি শুধু বিভিন্ন মিটিংয়ে অংশ নিতেন। বছরে ৭৫ হাজার ডলারের একটি চুক্তির অর্থ তারা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিতেন।

চুরি করা পরিচয় ব্যবহার করে চাকরি

চাকরির যাচাই-বাছাই এড়াতে উত্তর কোরিয়ার কর্মীরা সাধারণ মার্কিন নাগরিকদের চুরি করা পরিচয় ব্যবহার করছেন বলেও অনুসন্ধানে উঠে এসেছে। অনেক ক্ষেত্রে একই পরিচয়ের মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানে চাকরি নেওয়া হয়েছে।

এর ফলে পরিচয় চুরি হওয়া ব্যক্তিদের জীবনেও বড় ধরনের বিপর্যয় নেমে আসছে। জর্জিয়ার এক ভুক্তভোগী জানান, তার ব্যক্তিগত তথ্য অনলাইনে বিক্রির জন্য প্রকাশ করা হয়েছিল। পরে সেই তথ্য ব্যবহার করে উত্তর কোরীয় কর্মীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় চাকরি নিয়েছে।

পরিচয় চুরির কারণে ওই ব্যক্তি বর্তমানে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না। ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন। এমনকি নিজের নামে বাড়ি ভাড়া নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

বছরে শত শত কোটি ডলার আয়ের অভিযোগ

অনুসন্ধানে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কিছু আইটি কর্মীর বার্ষিক আয় প্রায় ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব কর্মীর উপার্জনের বড় অংশ-প্রায় ৯০ শতাংশ-পিয়ংইয়ংয়ের শাসকগোষ্ঠীর তহবিলে চলে যায় বলে অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী, এই নেটওয়ার্কের মাধ্যমে উত্তর কোরিয়া বছরে প্রায় ৮০ কোটি ডলার পর্যন্ত আয় করতে পারে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর অনুসন্ধানে উত্তর কোরীয় আইটি কর্মী ও সাইবার অপরাধীদের বিস্তৃত একটি নেটওয়ার্কের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও শনাক্ত করা হয়েছে। শেষ পর্যন্ত এসব অর্থ এমন একটি প্রতিষ্ঠানের কাছে পৌঁছানোর তথ্য পাওয়া গেছে, যেটি উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদনে সহায়তার অভিযোগে আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ফলে চাকরির বাজারে প্রতারণা, পরিচয় চুরি ও সাইবার অপরাধের পাশাপাশি এই নেটওয়ার্ককে উত্তর কোরিয়ার জন্য বৈদেশিক মুদ্রা সংগ্রহ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখছে মার্কিন কর্তৃপক্ষ।


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

৩ ঘন্টা আগে


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

১০ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১৬ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom