জাতীয়

দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ঢাকা: খুব শিগগিরই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার দুপুরে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা প্রস্তুতের নির্দেশ

মন্ত্রী বলেন, মতবিনিময় সভায় দুটি বিষয়ে অনুশাসন দেওয়া হয়েছে। প্রথমত, চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে খুব শিগগিরই দেশব্যাপী-বিশেষ করে ঢাকা থেকে-অভিযান শুরু করা হবে। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি আসামিদের একটি স্বচ্ছ তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইন-শৃঙ্খলা সরকারের অগ্রাধিকার

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে শান্তি প্রতিষ্ঠা করা। তিনি বলেন, “আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। পুলিশ কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক নির্দেশে চলবে না; আইনানুগভাবেই পরিচালিত হবে।”

তিনি আরও বলেন, অতীতে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার কারণে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

‘চেইন অব কমান্ড’ বজায় রাখার নির্দেশ

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে ‘চেইন অব কমান্ড’ বজায় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ওসি সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তবে প্রয়োজন হলে মন্ত্রী যেকোনো স্তরের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ঢাকার যানজট নিয়ন্ত্রণে পদক্ষেপ

ঢাকার যানজট প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে একটি সেল বা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপি কমিশনারকে। ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করে করণীয় ও সুপারিশমালা প্রস্তুত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকার প্রধান ও ভিআইপি সড়কে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়ে গেছে। পরীক্ষামূলকভাবে উত্তরা এয়ারপোর্ট রোড থেকে সচিবালয় পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ করা হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও এ ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার **মো. সরওয়ার**সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom